ফাঁকা রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের একটি কেন্দ্রে ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের আগাম স্বাক্ষর নেওয়ায় প্রিসাইডিং অফিসার জেসমিন আরাকে প্রত্যাহার করেছে প্রশাসন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জের সলিমুন্নেছা পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ হোসেন, সংবাদকর্মী, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে পোলিং এজেন্ট স্বাক্ষরিত ২৩টি ফাঁকা রেজাল্ট শিট জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, একজন ব্যক্তি জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তালেবের পোলিং এজেন্ট হিসেবে নিয়োগের কাগজপত্র জমা দিতে গেলে প্রিসাইডিং কর্মকর্তা কাজ এগিয়ে রাখার জন্য ব্ল্যাংক রেজাল্ট শিটে তার স্বাক্ষর নিয়ে নেন। এটা প্রিসাইডিং কর্মকর্তার ভুল। তিনি আমাদের কাছে ভুল স্বীকার করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ বলেন, সকল ভোটকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরপেক্ষতার সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে।