সাঈদীর ছোট ছেলে জয়ী, হারলেন বড় ছেলে

জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনের মধ্যে দুটিতে বিএনপি এবং একটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী জয় পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা এ তথ্য জানান।
পিরোজপুরের তিনটি আসনের মধ্যে দুটি আসন থেকে প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বড় ছেলে শামীম সাঈদী হেরেছেন, জয়ী হয়েছেন ছোট ছেলে মাসুদ সাঈদী।
পিরোজপুর-১ আসনে মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট।
পিরোজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।
এ ছাড়া পিরোজপুর-৩ আসনে মো. রুহুল আমীন দুলাল ধানের শীষ প্রতীকে ৬৩ হাজার ৭৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মো. শামীম হামিদী পেয়েছেন ৩৬ হাজার ৬১৬ ভোট।
এর আগে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী সারা দেশে উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে ৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
নির্বাচনের ফলাফলে ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলে সরকার গঠনের জন্য দেড় শতাধিক আসনে জয় পেয়েছেন ধানের শীষের প্রার্থীরা। সে হিসেবে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।
সংবিধান অনুযায়ী, সরকার গঠনের জন্য ৩০০ আসনের জাতীয় সংসদে অন্তত ১৫০টি আসন লাভ করতে হয়। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, নতুন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি।