logo

ময়মনসিংহে দুই প্রার্থীর কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত গ্রামপুলিশ

ময়মনসিংহে দুই প্রার্থীর কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত গ্রামপুলিশ

ময়মনসিংহ- ১১ (ভালুকা) আসনের ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রে দায়িত্বরত মো. আহাম্মদ নামে এক গ্রামপুলিশ আহত হন। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার আশরাফুল উলুম রাহমানিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বতন্ত্রপ্রার্থী মোর্শেদ আলমের এক কর্মী ভোটকক্ষের সামনে ঘোরাফেরা করছিল। এ সময় ধানের শীষের প্রার্থী ফখরুদ্দিন বাচ্চুর এক এজেন্ট ভোটকক্ষের ভেতর থেকে তার সঙ্গে তর্কে জড়ায়। বিষয়টি বাইরে জানাজানি হলে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। খবর পেয়ে বিজিবি-সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধাওয়া-পাল্টাধাওয়ার সময় কেন্দ্রে দায়িত্বরত গ্রামপুলিশ আহম্মদের মাথায় রড দিয়ে কে বা কারা আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। পরে সেনাবাহিনীর সঙ্গে থাকা চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। 

আশরাফুল উলুম রাহমানিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার অমর বিশ্বাস বলেন, ভোটকেন্দ্রে উঁকি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে এক গ্রাম পুলিশ আহত হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ভোট গণনার কাজ চলছে।

এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী প্রিসাইডিং অফিসার মো. ফিরোজ হোসেন বলেন, এই আসনে বড় ধরনের কোনো সংঘর্ষ কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ওই কেন্দ্রে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পেয়ে বিজিবি-সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন ভোট গণনার কাজ চলছে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।