শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার দিলেন সমর্থক

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী আইনজীবী মোহাম্মদ শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার দিয়েছেন এক সমর্থক।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শাল্লা উপজেলা সদরের শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি ‘ঐক্য ও সম্প্রীতির সমাবেশে’ এই উপহার তুলে দেওয়া হয়।
স্বর্ণের দাঁড়িপাল্লাটি উপহার দেন দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের নাছিরপুর গ্রামের বাসিন্দা মো. আমির হোসেন। সমাবেশ চলাকালে মঞ্চে উঠে তিনি শিশির মনিরের হাতে প্রতীকী এই স্বর্ণের দাঁড়িপাল্লা তুলে দেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শিশির মনির বলেন, দিরাই-শাল্লার মানুষ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে হাওর এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করব। আজকের এই সমাবেশে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও নতুন বাংলাদেশ গঠনের জুলাই যোদ্ধা সবাই একসঙ্গে দাঁড়িয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই ঐক্যকে ঠেকানোর মতো শক্তি কারও নেই।
তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব হলো হিন্দু-মুসলমান সবাইকে এক কাতারে এনে জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক মডেল তৈরি করা। এই ঐক্য ও সম্প্রীতির মাধ্যমেই উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।'
ঐক্য ও সম্প্রীতির সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শিশির মনিরের সমর্থকরা উপস্থিত ছিলেন।