logo

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনা বিচ্ছিন্ন হিসেবে দেখার সুযোগ নেই: মাহদী আমিন

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনা বিচ্ছিন্ন হিসেবে দেখার সুযোগ নেই: মাহদী আমিন

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনা বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সৈয়দপুর বিমানবন্দর কাণ্ডকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই। কারণ দেশের অন্যান্য জায়গার মতো জামায়াত আমিরের নির্বাচনি আসন ঢাকা-১৫ তেও একই রকম অবৈধ ও অনৈতিক লেনদেনের ঘটনা সংঘটিত হতে দেখা গেছে। কুমিল্লা, নোয়াখালী, খুলনাসহ দেশের অসংখ্য জায়গায়ও এমন ঘটনা দেখা গেছে।

মাহদী আমিন বলেন, ইতোমধ্যে আমরা দেখেছি, দেশব্যাপী দলটির নেতাকর্মীরা বাসায় ও ভোটারদের বিকাশের মাধ্যমে বা সরাসরি অর্থ দিচ্ছে। দেশের অনেক জায়গায় দেখা গেছে, রাজনৈতিক দলটির সন্ত্রাসীরা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ বিতরণ করছে। ভোটের মাঝে নানা বিশৃঙ্খলা সৃষ্টিসহ অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত সেই দলের অনেকেই ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে।

জামায়াতের কার্যক্রম নিয়ে প্রশ্ন উত্থাপন করে তিনি বলেন, যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সকল ব্যাংক অর্থনৈতিক ব্যবসায়িক লেনদেন ও কার্যক্রম বন্ধ রয়েছে। সেখানে স্বাভাবিকভাবে সর্বত্র প্রশ্ন উঠছে, জামায়াতের একটি জেলার সর্বোচ্চ নেতা কোথায় থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে, কী উদ্দেশ্যে, কাকে দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে যাচ্ছেন?

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, টানা চার দিন যেখানে দেশের সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে এত বিপুল পরিমাণে অর্থ কোন ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। স্পষ্টতই আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে।

মাহদী বলেন, যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে তাদের কাছে প্রশ্ন করা যেতেই পারে- টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতিবিরোধী বয়ানের সঙ্গে কতটা সংগতিপূর্ণ?