logo

মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর 

মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর 

মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে শিলই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিলই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থীর (ফুটবল প্রতীক) সমর্থক জাফরানের বাড়িতে প্রতিপক্ষের কয়েকজন সমর্থক একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অভিযোগ রয়েছে, ধানের শীষ প্রতীকের সমর্থক হিসেবে পরিচিত শামীম ভূঁইয়া, বাবু ব্যাপারী, লিটন ভূঁইয়া, জুয়েল বেপারীসহ মোল্লাবাড়ির ১০-১৫ জনের একটি দল এ হামলায় জড়িত ছিল।

এ ছাড়া একই ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থীর আরও কয়েকজন সমর্থক কালাম সরকার, আনসার উদ্দিন ও সোলেমানের ছেলেদের বাড়িতে ভাঙচুর ও মারধরের ঘটনাও ঘটে। হামলায় মেজবাহউদ্দিন নামে একজন গুরুতর আহত হন বলে জানা গেছে। খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।