logo

সুনামগঞ্জে দুপুর আড়াইটা পর্যন্ত ভোট পড়েছে ৩৯ শতাংশ

সুনামগঞ্জে দুপুর আড়াইটা পর্যন্ত ভোট পড়েছে ৩৯ শতাংশ

সকাল সাড়ে ৭টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সুনামগঞ্জ জেলার ৫টি আসনে ৩৯ শতাংশের ওপরে ভোট পড়েছে। এই সাত ঘণ্টার মধ্যে কেন্দ্রগুলোতে সকালের দিকে নারী ভোটারের সংখ্যা অনেক বেশি ছিল। তবে দুপুরে কোন কোন কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি কমে যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সুনামগঞ্জের ৫টি আসনের ৭২০টি ভোট কেন্দ্রে শেষ মুহূর্তে ভোটগ্রহণ চলছে। সুনামগঞ্জের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, সকাল সাড়ে ৭টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ৭ ঘণ্টায় জেলার ৫টি আসনে ৩৯ শতাংশের ওপরে ভোট পড়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। 

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর একটি নির্বাচন উপহার দিতে চেষ্টা করছি। ভোটার উপস্থিতি অনেক ভালো। ভোটাররা যদি ভোট প্রয়োগে সন্তুষ্টি প্রকাশ করেন তাহলে আমরা খুশি।’ 

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ জন প্রার্থী। জেলায় মোট ভোটার ২০ লাখ ৮০ হাজার ৩৩৫ জন। নির্বাচনে দেশ এবং দেশের বাইরে ১৮ হাজার ৮৭ জন পোস্টাল ভোট প্রদান করেছেন।