logo

ভোট শেষে সবাইকে ‘ঈদ মোবারক’ জানালেন প্রধান উপদেষ্টা

ভোট শেষে সবাইকে ‘ঈদ মোবারক’ জানালেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দেওয়া শেষে সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটের দিকে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আজ মহা আনন্দের দিন। আজ নতুন বাংলাদেশের জন্মদিন। সারাদিনব্যাপী আজ আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আমরা অতীতকে সম্পূর্ণ বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, তা সম্পূর্ণভাবে বর্জন করলাম।

এসময় তিনি সবাইকে গণভোট দেওয়ারও আহ্বান জানান এবং ‘ঈদ মোবারক’ জানিয়ে বিদায় দেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোট অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীর মৃত্যুতে স্থগিত হয়েছে শেরপুর-৩ আসনের নির্বাচন।

নির্বাচনে সব মিলিয়ে ২ হাজারের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আড়াই শতাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছে, বাকিরা ৫১টি দলের প্রার্থী।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯১ প্রার্থী। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৮ প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২৯ প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন ৩২ প্রার্থী।

রাজনৈতিক দলের পাশাপাশি এবারের ভোটে প্রতীকও থাকছে সবচেয়ে বেশি। ইসির তথ্য অনুযায়ী, ধানের শীষ, দাঁড়িপাল্লা, শাপলা কলিসহ ১১৯টি নির্বাচনি প্রতীকে বরাদ্দ দেওয়া হয়েছে।