নির্বাচন উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম স্থাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত অভিযোগ ও তথ্যের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম বা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে মাঠ প্রশাসন থেকে পাওয়া অভিযোগ বা তথ্যাদির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভবন নং ১, কক্ষ নং ১৮০২ (টেলিফোন নম্বর +৮৮০২২২৬৬৪১১১৮) এ জনপ্রশাসন মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম স্থাপন করা হলো।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রাপ্ত অভিযোগ বা তথ্যাদির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করবেন বলেও অফিস আদেশে জানানো হয়েছে।