logo

বগুড়া-৬ আসনে তারেক রহমান জয়ী

বগুড়া-৬ আসনে তারেক রহমান জয়ী

বগুড়া-৬ (সদর উপজেলা) আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এক লাখ ১৮ হাজার ৬৫৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তারেক রহমান পেয়েছেন মোট ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

এদিন রাতে রিটার্নিং অফিসার ১৫০ কেন্দ্রের সবগুলোর ফল ঘোষণা করেন। তবে তিনি পোস্টাল ব্যালট ঘোষণা করেননি।

বগুড়া-৬ (সদর) এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার রয়েছেন ১০ জন। এই আসনটিতে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯ কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪। নারী প্রার্থীর সংখ্যা ৮০। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।