logo

ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক, ‘গভীর ষড়যন্ত্র’ অভিযোগ কেন্দ্রীয় নেতার

ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক, ‘গভীর ষড়যন্ত্র’ অভিযোগ কেন্দ্রীয় নেতার

ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন প্রধান আটকের ঘটনাকে ‘গভীর ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নেতা মো. দেলাওয়ার হোসেন দাবি করেছেন, নির্বাচনকে প্রভাবিত করতেই পরিকল্পিতভাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেলাওয়ার হোসেন বলেন, ‘এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত ও ব্যবসায়িক বিষয়। নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু নির্বাচনকে ঘিরে একদিন আগে এমন ঘটনা ঘটানো হয়েছে, যা স্পষ্টতই উদ্দেশ্যপ্রণোদিত।’

তিনি অভিযোগ করেন, অন্যান্য দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও সেসব বিষয়ে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয় না। তার ভাষ্য, ঠাকুরগাঁওয়ে বিএনপির এক বড় নেতার বিরুদ্ধে ২২ কোটি টাকার ঋণ মওকুফের অভিযোগ রয়েছে। বিভিন্ন স্থানে টাকা বিতরণের সময় নেতাকর্মীরা ধরা পড়ছেন। তবে এসব নিয়ে তেমন আলোচনা নেই। অথচ জামায়াতের আমির নিজের ব্যবসায়িক অর্থ নিয়ে ফিরছিলেন, সেটিকে রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে।

দেলাওয়ার হোসেন বলেন, ‘ঢাকা বিমানবন্দরে তাকে আটক করা হয়নি, কিন্তু সৈয়দপুরে এসে আটক করা হলো। এটি পরিকল্পিত চক্রান্তের অংশ বলেই আমরা মনে করি।’

এদিকে বেলাল উদ্দিন প্রধানের পরিবার দাবি করেছে, ঈদ সামনে রেখে ব্যবসায়িক কাজে তিনি ঢাকা গিয়েছিলেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, তারা দীর্ঘদিন ধরে গার্মেন্টস ও বুটিক শিল্পের সঙ্গে জড়িত। ঢাকায় বকেয়া আদায় ও অগ্রিম অর্ডারের অর্থ সংগ্রহ করে তিনি ফিরছিলেন। এর আগেও একইভাবে বড় অঙ্কের অর্থ লেনদেন করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। রাজনৈতিক পরিচয়ের কারণেই তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তাদের।

জেলা জামায়াতের সেক্রেটারিও একই দাবি করে বলেন, ‘ব্যবসায়িক কাজে যাতায়াত ও অর্থ লেনদেন স্বাভাবিক বিষয়। একটি কুচক্রী মহল সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।’

তবে এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। আটকের সুনির্দিষ্ট কারণ বা তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না সে বিষয়েও স্পষ্ট তথ্য জানা যায়নি।