logo

সুষ্ঠু নির্বাচন না হলে ভারত ও আওয়ামী লীগ সুযোগ পাবে: নাসীরুদ্দীন

সুষ্ঠু নির্বাচন না হলে ভারত ও আওয়ামী লীগ সুযোগ পাবে: নাসীরুদ্দীন

যে কোনোভাবেই ভোট সুষ্ঠু হতে হবে জানিয়ে ঢাকা-৮ আসনের জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভোট সুষ্ঠু না হলে ভারত ও আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ পাবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় রাজধানীর আরামবাগ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভোটগ্রহণ শুরুর পর এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে গতকাল ভোটের আগের দিন সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আমার ১৫ থেকে ২০ জন নেতাকর্মীকে মারধর করা হয়েছে। অনেকে এখনও আহত অবস্থায় রয়েছেন। 

নারী ভোটারদের ভালো সাড়া পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এখন পর্যন্ত সব ঠিক রয়েছে। শেষ পর্যন্ত এমন থাকবে বলে প্রত্যাশা। আমাদের মনে রাখতে হবে, সুষ্ঠু নির্বাচন না হলে ভারত ও আওয়ামী লীগ সুযোগ পাবে। আমরা সেটি হতে দেব না।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-৮ আসনে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন। ১০৮ কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা।

এ আসনে মোট প্রার্থী ১১ জন। তবে মূল লড়াই বিএনপি নেতা মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।