নির্বাচনি প্রধান এজেন্টের দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ প্রার্থীর

নারায়ণগঞ্জ-৫ আসনের ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুনের নির্বাচনি প্রধান এজেন্টের দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শহরের খেলাফত মজলিসের অফিসে এক সংবাদ সম্মেলনে আসনটির প্রার্থী এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে এবিএম সিরাজুল মামুন বলেন, বুধবার রাতে আমার প্রধান এজেন্ট হাফেজ আব্দুল কবির বিভিন্ন এজেন্টের কাছে যাচ্ছিলেন। এসময় তার কাছে থাকা কাগজপত্র ও ৪২ হাজার টাকা বিএনপির দুর্বৃত্তরা নিয়ে যায়। পাশাপাশি তার দাড়ি টেনে ছিঁড়ে ফেলে।
তিনি আরও বলেন, হাফেজ কবির আমাদের প্রধান এজেন্ট ছিলেন। তাকে ঘুরে ঘুরে প্রতিটি ভোটকেন্দ্রে যেতে হয় এবং তার কাছে খরচের জন্য ৪২ হাজার টাকা ছিল। এই টাকা রাখা কোনো অপরাধ নয়। যদি তাকে টাকা বিতরণ করতে দেখা যেত, তাহলে হয়তো কোনো কিছু বলার থাকত।
সবশেষে এ বি এম সিরাজুল মামুন বলেন, তার টাকাগুলো বিএনপির দুর্বৃত্তরা ছিনতাই করে নিয়ে যায়। এমনকি তার গাড়ির চালকের ৫ হাজার টাকাসহ নিয়ে যায়। এখন আমার প্রধান এজেন্টকে অব্যাহতি দেওয়া হয়েছে কোন অপরাধে তাকে অব্যাহতি দেওয়া হলো সেটা আমরা বুঝতে পারছি না। আমরা নির্বাচনে কোনো সুরক্ষা পাচ্ছি না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কর্মবিষয়ক সম্পাদক মাওলানা মাইনুদ্দিনসহ অন্যান্য নেতাকর্মী।