logo

নোয়াখালীতে জামায়াত প্রার্থীর নির্বাচনি অফিসে আগুন

নোয়াখালীতে জামায়াত প্রার্থীর নির্বাচনি অফিসে আগুন

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের নির্বাচনি অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সেতুভাঙ্গা এলাকায় নির্বাচনি কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত মাও. বোরহান উদ্দিনের নির্বাচনি অফিসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুনের শিখা ছড়িয়ে পড়ে এবং অফিসের আসবাবপত্র ও নির্বাচনি প্রচারণাসামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। পরে আগুন দেখে স্থানীয়রা এগিয়ে এলেও ততক্ষণে অফিসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

এ ঘটনায় নিন্দা জানিয়ে জামায়াত প্রার্থী মাও. বোরহান উদ্দিন বলেন, গণতন্ত্রের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে এবং ভোটারদের মাঝে আতঙ্ক ছড়াতে রাতের আঁধারে এই কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত চলছে।