নাতির কোলে চড়ে ভোট দিলেন বিএনপি প্রার্থীর শতবর্ষী মা

গাজীপুরের কালিয়াকৈরে নাতির কোলে চড়ে ভোট দিলেন গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) আসনে বিএনপির প্রার্থী মো. মজিবুর রহমানের শতবর্ষী মা সূর্যবানু৷ তার মুখে ছিল বয়সের ছাপ, কিন্তু চোখেমুখে ছিল অন্যরকম উজ্জ্বলতা।
উপজেলার লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সূর্যবানু। নাতি সুলাইমানের কোলে উঠে কেন্দ্রে প্রবেশ করেন ১১০ বছর বয়সী এই নারী।
কেন্দ্রে প্রবেশের সময় উপস্থিত ভোটার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে সহযোগিতা করেন। ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি ছেলের জন্য দোয়া করেন। প্রার্থীর মা সূর্যবানুর উপস্থিতি কেন্দ্রে অন্যরকম আবহ তৈরি করে। অনেকেই এগিয়ে এসে সালাম দেন, খোঁজ-খবর নেন। তরুণ ভোটাররা তাকিয়ে থাকেন শতবর্ষী এই ভোটারের দিকে।
সকাল থেকেই গাজীপুরের পাঁচটি আসনেই উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। নারী ও তরুণ ভোটাররা ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
গাজীপুরে পাঁচটি সংসদীয় আসনে এবারের নির্বাচনে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় দেখা গেছে। পুরুষের পাশাপাশি নারীরা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। প্রতিটি কেন্দ্রের ভেতর পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা কাজ করছেন। এ ছাড়া কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব, বিজিবি ও সেনাবাহিনী কাজ করছে। আচরণবিধি দেখভালের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, এবার নির্বাচনে জেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে ১৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের ৩৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন। কাজ করছে পাঁচটি নির্বাচনী ইনকোয়ারি টিম। এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো রয়েছে, কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।