ফেনীতে খালেদা জিয়ার আসনসহ তিনটিতে বিএনপি প্রার্থীরা জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে বিএনপির তিন প্রার্থী বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক চূড়ান্ত ফল ঘোষণা করেন।
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসন ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মুন্সী রফিকুল আলম মজনু ১ লাখ ১৯ হাজার ৯০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন পেয়েছেন ৮৫ হাজার ৬১৫ ভোট। এর আগে এ আসনটিতে বেগম খালেদা জিয়া ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুর পর এ আসনে বিএনপি মনোনয়ন দেয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সী রফিকুল আলম মজনুকে। এ ছাড়া গণভোটে এ আসনে হ্যাঁ ভোট পেড়েছে ১ লাখ ৩৯ হাজার ৫৪৯। আর না ভোট পড়েছে ৬০ হাজার ৪৫৮।
অন্যদিকে ফেনী-২ (সদর) আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জামায়াত জোটের ঈগল প্রতীকের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান ভূইয়া মঞ্জু ৮০ হাজার ৫৮ ভোট পান। এর আগেও জয়নাল আবদিন ভিপি এ আসনে তিনবার সাংসদ ছিলেন। জাসদ থেকে একবার ও বিএনপি থেকে ২ বার। এ ছাড়া এ আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৩৮ হাজার ৭৩২। আর না ভোট পড়েছে ৭২ হাজার ৫৩৩টি।
অন্যদিকে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক ১ লাখ ৮ হাজার ১৬০ ভোট পান। এ আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৬১ হাজার ৩২১, না ভোট পডেছে ১ লাখ ১৪টি।