logo

নোয়াখালীতে এনসিপি প্রার্থীর এজেন্টকে কুপিয়ে জখম

নোয়াখালীতে এনসিপি প্রার্থীর এজেন্টকে কুপিয়ে জখম

নোয়াখালী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং আন্তর্জাতিক সেলের প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়ার এজেন্টকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনবাগের মতইন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত মো. মনির হোসেন সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ২নং মতইন ওয়ার্ড কেন্দ্রের মতইন গ্রামের আবদুর রবের ছেলে। তিনি সুলতান মুহাম্মদ জাকারিয়ার প্রধান এজেন্টের দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনি গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধারাল অস্ত্র (চাপাতি) দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আহত মনির হোসেনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

এনসিপি প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বানচাল করতে মনির হোসেনকে হত্যার চেষ্টা করা হয়। এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা চলছে। ইতোমধ্যে আমাদের কয়েকটি ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে, অনেক জায়গায় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে আমার আরেক প্রতিনিধিকে মারধর করেন। 

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার এশিয়া পোস্টকে বলেন, রাতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।