logo

চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির, কানায় কানায় পূর্ণ সমাবেশস্থল

চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির, কানায় কানায় পূর্ণ সমাবেশস্থল

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনি জনসভায় অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার আগমন ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই দলে দলে নেতাকর্মী ও সাধারণ মানুষ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এসে জড়ো হতে শুরু করেছেন।

সকাল সাড়ে ১০টায় জনসভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল। জামায়াতের আমিরের বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন চাঁপাইনবাবগঞ্জবাসী।

নির্ধারিত সময় অনুযায়ী দুপুর সাড়ে ১২টায় শফিকুর রহমান সমাবেশস্থলে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এর আগেই মাঠজুড়ে ব্যানার-ফেস্টুন, স্লোগান ও নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

জনসভায় অংশ নিতে আসা স্থানীয় এক সাধারণ ভোটার আল ওয়াদুদ বলেন, দীর্ঘদিন পর এমন বড় জনসমাবেশ দেখছি। আমরা পরিবর্তন চাই, ন্যায়ভিত্তিক রাজনীতি চাই। জামায়াত সেই রাজনীতির কথা বলছে বলেই এখানে এসেছি।

একজন ছাত্রসমর্থক মাহমুদুল হাসান বলেন, দেশে সুশাসন আর ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। জামায়াত আমিরের বক্তব্য আমাদের অনুপ্রাণিত করে।

জামায়াতের স্থানীয় নেতা আব্দুল আওয়াল বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, জনগণ বিকল্প শক্তিকে গ্রহণ করতে প্রস্তুত। এই জনসভা আমাদের নির্বাচনি অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

দলটির পৌর শাখার আমির গোলাম রাব্বানি জানান, শফিকুর রহমান প্রথমে নওগাঁয় সমাবেশ শেষে দুপুর ১২টায় হেলিকপ্টারে পুরাতন স্টেডিয়ামে নামবেন। এরপর সরাসরি মঞ্চস্থলে পৌঁছবেন। সাড়ে ১২টায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

জেলা জামায়াতের নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান বলেন, জনসমাবেশে শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জের সমস্যা নিয়ে কথা বলবেন। এ জেলা এতদিন অবহেলিত ছিল। এ অবহেলিত জনপদের সমস্যাগুলো জনসভার মাধ্যমে সমাধানে আশ্বস্ত করবেন তিনি।  

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী,  চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নুরুল ইসলাম বুলবুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি ও ডাকসুর জিএস এম.এম ফরহাদসহ দলটির নেতারা।