ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর

নওগাঁ সদর উপজেলার কাটখইর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গণনা ও ফল ঘোষণা আগেই ফলাফল শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা সামনে আসে, পরে দুপুরের দিকে তাকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
অভিযুক্ত কর্মকর্তা নাজিম উদ্দীন নওগাঁ সড়ক ও জনপথ বিভাগে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। অভিযোগ অনুযায়ী, ভোটগ্রহণ চলাকালেই তিনি নির্ধারিত ফলাফল শিটে নিজের স্বাক্ষর ও পদবি–সংবলিত সিল দিয়ে রাখেন। বিষয়টি জানাজানি হলে কেন্দ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও নির্বাচন–সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নির্বাচনী বিধি অনুযায়ী ভোটগ্রহণ শেষ হওয়ার পর পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা সম্পন্ন করে তবেই ফলাফল শিট পূরণ ও স্বাক্ষর করার নিয়ম রয়েছে। কিন্তু ভোট শেষ হওয়ার আগেই ফলাফল শিটে স্বাক্ষর করে রাখাকে অনিয়ম হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাজিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভোটগ্রহণ শেষে ফল প্রস্তুত করতে সময় লাগে এবং কখনও সময় সংকট দেখা দিতে পারে। কাজের সুবিধা ও সময় সাশ্রয়ের চিন্তা থেকেই তিনি আগাম স্বাক্ষর করেছিলেন, তবে এটি বিধিসম্মত কি না সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও জানান।
এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদিন বলেন, ভোট গণনার আগে ফলাফল শিটে স্বাক্ষরের কোনো বিধান নেই এবং এটি স্পষ্ট অনিয়ম। অভিযোগের সত্যতা পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রে নতুন একজন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।