কারচুপি ও ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: জামায়াত আমির

ভোটদান থেকে শুরু করে ফল ঘোষণা পর্যন্ত যে কোনো ধরনের কারচুপি, অনিয়ম ও ভোট ডাকাতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, আলহামদুলিল্লাহ। একটি ঐতিহাসিক দিনের সূচনালগ্নে দাঁড়িয়ে আমরা। দীর্ঘ প্রতীক্ষা ও ত্যাগের পর আজ সেই দিন, যখন মহান আল্লাহর ওপর ভরসা করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে সঙ্গে নিয়ে আমরা জাতির এক নতুন অধ্যায় গড়ার মিছিলে শামিল হয়েছি।
‘সকল ভয় ও দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে ভোটকেন্দ্রে আসুন এবং উৎসবমুখর পরিবেশে আপনার পছন্দের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন। ভোটদান থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত যে কোনো ধরনের কারচুপি, অনিয়ম ও ভোট ডাকাতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন।’
ডা. শফিকুর রহমান আরও লিখেছেন, আজকের এই ভোট শুধু একটি ব্যক্তিগত অধিকার নয়; বরং শহীদদের রক্তে রঞ্জিত এমন এক আমানত, যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার চাবি। আপনারা অত্যন্ত ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে ভোটকেন্দ্রে যান এবং নিজের পবিত্র আমানত রক্ষা করুন।
‘যারা সত্য ও ন্যায়ের পথে সচেষ্ট থাকে, আল্লাহ কখনই তাদের শ্রম বৃথা যেতে দেন না। ইনশাআল্লাহ, আল্লাহর সাহায্য ও বিজয় সন্নিকটে (নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব)। আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।’