ভাবির কাঁধে ভর দিয়ে ভোট দিলেন অসুস্থ মনোয়ারা

হার্টে ছিদ্রজনিত জটিল রোগে আক্রান্ত ৭০ বছর বয়সি মনোয়ারা বেগম। ভাবি আম্বিয়া খাতুনের কাঁধে ভর করে ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন তিনি। দিয়েছেন ভোটও।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মনোয়ারা বেগম।
মনোয়ারা বেগম শেরপুরের ধনকুন্ডি উত্তরপাড়া এলাকার ইয়াছিন আলী সরকারের স্ত্রী।
আম্বিয়া খাতুন বলেন, ‘আমার ননদ হার্টের রোগী। তার হার্টে ছিদ্র আছে। এত অসুস্থ হওয়ার পরও তার ইচ্ছা ছিল ভোট দেবেন। তাই আমি তাকে কেন্দ্রে নিয়ে এসেছি।’
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, শারীরিকভাবে অসুস্থ হলেও ভোট দেওয়ার ব্যাপারে মনোয়ারা বেগম দৃঢ় ছিলেন। পরিবারের সহায়তায় তিনি কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭২ হাজারের বেশি। এ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত খান কুদরত-ই-সাকলায়েন ছাতা, বিএনপি মনোনীত গোলাম মোহাম্মদ সিরাজ ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মীর মো. মাহমুদুর রহমান হাতপাখা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো. দবিবুর রহমান দাঁড়িপাল্লা এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত শিপন কুমার রবিদাস কাস্তে প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।