logo

সাত আসনের সর্বনিম্ন ভোট পড়েছে বগুড়া-১ আসনে

সাত আসনের সর্বনিম্ন ভোট পড়েছে বগুড়া-১ আসনে

বগুড়ার সাতটি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে বগুড়া-১ ( সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে। এই আসনে মোট ভোট পড়েছে ৬১ দশমিক ৮৬ শতাংশ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। 

বগুড়ার অন্যান্য আসনগুলোর মধ্যে বগুড়া-২ আসনে ৬৮ দশমিক ৫৫ শতাংশ, বগুড়া-৩ আসনে ৭০ দশমিক ৫১ শতাংশ, বগুড়া-৪ আসনে ৭৩ দশমিক ৪৫ শতাংশ, বগুড়া-৫ আসনে ৭০ দশমিক ৩২ শতাংশ, বগুড়া-৬ আসনে ৭১ দশমিক ১৫ শতাংশ এবং বগুড়া-৭ আসনে ৬৭ দশমিক ৮৯ শতাংশ ভোট পড়েছে৷  এই ভোটের হারে পোস্টাল ব্যালট গণনা করা হয়নি। বগুড়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: তৌফিকুর রহমান বলেন, আসলে এখানে কম বলার সুযোগ নেই। তবে ভৌগোলিক অবস্থানের কারণে অন্যান্য আসনের চেয়ে একটু কম ভোট কাস্টিং হয়েছে।  

স্থানীয়রা বলছেন, এখানকার মানুষের জীবনযাত্রা কৃষিনির্ভর এবং মৌসুমি ফসলের সঙ্গে যুক্ত। মাঠের কাজের চাপ এবং দূরত্বজনিত অসুবিধা মিলিয়ে ভোটারদের উপস্থিতি কমে গেছে।  বগুড়া-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৭৯৪জন। এই আসনে মোট ১২৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সারিয়াকান্দি উপজেলার ১৯টি কেন্দ্র যমুনা নদীর চরাঞ্চলে অবস্থিত। এসব কেন্দ্র প্রশাসনের কাছে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত। চরাঞ্চলের দুর্গম এলাকাগুলোতে পৌঁছাতে ভোটারদের নৌকা, ঘোড়ার গাড়ি বা মোটরসাইকেল ব্যবহার করতে হয়। নদীভাঙন, কাঁচা রাস্তা এবং বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা কেন্দ্র পর্যন্ত যাতায়াতকে কষ্টসাধ্য করছে। 

এই আসনে ধানের শীষ প্রতীকে কাজী রফিকুল ইসলাম, দাঁড়িপাল্লা প্রতীকে মো. শাহাবুদ্দিন, হাতপাখা প্রতীকে এবিএম মোস্তফা কামাল, ডাব প্রতীকে আসাদুল হক এবং সূর্য প্রতীকে জুলফিকার আলী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।