logo

ভোট দেওয়ার পর নতুন অধ্যায়ের প্রত্যাশা মির্জা ফখরুলের

ভোট দেওয়ার পর নতুন অধ্যায়ের প্রত্যাশা মির্জা ফখরুলের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও–১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোট দেওয়ার পর কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।

এ সময় জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন পথে এগোবে। তিনি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আজকের এই জাতীয় সংসদ নির্বাচন একটি শুভদিন, একটি শুভক্ষণ। এই নির্বাচন এই জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে।’

বিএনপি মহাসচিব বলেন, দেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, তা যেন মসৃণভাবে এগিয়ে যায়—এটাই তাদের প্রত্যাশা। তার ভাষায়, ‘বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা নতুন করে শুরু হলো, আমরা আশা করি এই পথ আগামী দিনে মানুষের জীবন, রাজনীতি ও অর্থনীতিকে একটি সুন্দর ও অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে।’

তিনি দাবি করেন, বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়েই এই নির্বাচন এসেছে। ‘অনেক বাধা-বিপত্তি, অনেক রক্তপাত ও আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনের শুভসূচনা হয়েছে,’ বলেন তিনি।

বক্তব্যে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগের কথাও স্মরণ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে ত্যাগ স্বীকার করে আমাদের ছেড়ে চলে গেছেন।’

আন্দোলন চলাকালে বহু মানুষ নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘লাখ লাখ মানুষ পুলিশের হাতে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে। ২৪ এর জুলাই প্রায় দুই হাজার ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক প্রাণ হারিয়েছেন। এত আত্মত্যাগের পরেই আজকের এই নির্বাচন।’

শেষে তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। ‘আমরা আশা করছি এই নির্বাচন শান্তিপূর্ণভাবে, সকলের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং এটি বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে,’ যোগ করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও–১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট দেওয়ার আগে সকালে তিনি ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়ায় পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

এদিকে দেশজুড়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এবার মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩ জন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সেই সরকারের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।