সরাইলে ১০ মিনিট বন্ধ থাকার পর ফের ভোটগ্রহণ শুরু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪নং ভোটকেন্দ্রে দুই প্রতীকের পোলিং এজেন্টদের মধ্যে বিবাদের জেরে সাময়িক উত্তেজনা দেখা দেয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রটি প্রায় ১০ মিনিটের জন্য বন্ধ রাখা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
৪ নম্বর কেন্দ্রের পোলিং অফিসার মো. আরিফুর রহমান জানান, খেজুর গাছ মার্কার এক পোলিং এজেন্ট তার এক আত্মীয়কে নিয়ে কেন্দ্রে আসেন। ওই এজেন্টের সহযোগিতায় তিনি ভোট প্রদান করেন বলে অভিযোগ ওঠে। কিছুক্ষণ পর হাঁস মার্কার এক সমর্থক ভোট দিতে এলে তার সঙ্গে থাকা পোলিং এজেন্ট সহযোগিতা করতে গেলে খেজুর গাছ মার্কার এজেন্ট আপত্তি জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়ার সৃষ্টি হয়।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার অহিদ হোসেন বলেন, ‘সকাল ৯টা ৩০ মিনিটের দিকে হঠাৎ কেন্দ্রের ভেতরে দৌড়াদৌড়ি শুরু হয়। বারান্দায় গিয়ে দেখি দুই এজেন্ট বিবাদে জড়িয়ে পড়েছেন। পরিস্থিতি শান্ত করতে ৪ নম্বর কেন্দ্র কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়।’
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ১০ মিনিট পর কেন্দ্রটি পুনরায় চালু করা হয় এবং পরবর্তী সময়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলতে থাকে।