logo

ভ্যানে চড়ে ভোট দিলেন অসুস্থ নাজমুল

ভ্যানে চড়ে ভোট দিলেন অসুস্থ নাজমুল

মোটরসাইকেল দুর্ঘটনায় এক হাত ও এক পা ভেঙে গুরুতর আহত হয়েছেন নাজমুল হোসেন। কয়েকদিন ধরে ঠিকমতো হাঁটতে পারছেন না। কোথাও যেতে প্রয়োজন হয় অন্যের সহায়তা। তবুও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভাই ও চাচার সাহায্যে ভ্যানে চড়ে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের পিংনা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে হাজির হন নাজমুল হোসেন। পছন্দের প্রার্থীকে দেন ভোট। 

ভোট দিয়ে নাজমুল হোসেন বলেন, দীর্ঘ দিন আমি ভোট দিতে পারিনি। অসুস্থ শরীর নিয়ে আজ ভোটকেন্দ্রে এসেছি। অনেক ত্যাগের পর এখন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। এই অবস্থায় ভোট দিতে পেরে আমার খুব ভালো লাগছে।

জেলায় পাঁচটি সংসদীয় আসনে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ৬২৩টি ভোটকেন্দ্রে ২১ লাখের বেশি ভোটার রয়েছে।