লক্ষ্মীপুর-৩ আসনে এগিয়ে ধানের শীষের এ্যানি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার ৪টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল আসা শুরু করেছে। সন্ধ্যা থেকেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন কেন্দ্রের ফলাফল পৌঁছাতে থাকে। কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফলে কোথাও এগিয়ে রয়েছেন ধানের শীষ, কোথাও দাঁড়িপাল্লা, আবার কিছু কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র দেখা যাচ্ছে।
বেসরকারিভাবে কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রতিটি আসনে কেন্দ্রভিত্তিক ভোটের ফলাফলে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ১৩০টি কেন্দ্রের মধ্যে ১৭ কেন্দ্রের ফলাফল এ প্রতিবেদকের হাতে এসেছে। এসব কেন্দ্রে মোট হিসেবে ধানের শীষ এর প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ৬ হাজার ৩৫৫ ভোটে এগিয়ে আছেন।
এসব কেন্দ্রে ধানের শীষ এর প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মোট পেয়েছেন ২২ হাজার ৯০০ ভোট। এ ছাড়া দাঁড়ি পাল্লার প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১৬ হাজার ৫৪৫ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, সকল কেন্দ্রের ফলাফল ধাপে ধাপে আসছে। চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রভিত্তিক এই ফলাফল পরিবর্তিত হতে পারে।
এদিকে প্রার্থীদের সমর্থকরা বিভিন্ন স্থানে ফলাফল ঘিরে উৎসুক অবস্থানে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।