logo

রড দিয়ে আঘাত করেছে বিএনপির সন্ত্রাসীরা, দাবি হান্নানের স্ত্রীর

রড দিয়ে আঘাত করেছে বিএনপির সন্ত্রাসীরা, দাবি হান্নানের স্ত্রীর

নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর হামলার অভিযোগ উঠেছে। তিনি দাবি করেছেন, বিএনপির কর্মী-সমর্থকরা তাকে শারীরিকভাবে আঘাত করেছেন এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছেন।

নিজের ফেসবুক পোস্টে শ্যামলী সুলতানা লেখেন, তাকে লোহার রড দিয়ে আঘাত করেছে বিএনপির সন্ত্রাসীরা। পাশাপাশি হামলার দৃশ্য ধারণ করা এক ব্যক্তির ফোনও ভেঙে ফেলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই পোস্টে তিনি আরও অভিযোগ করেন, তার দেবরকেও কয়েকজন মিলে মারধর করেছে এবং এ ঘটনায় প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে। শ্যামলীর দাবি, বিএনপির স্থানীয় দুই নেতার নেতৃত্বে একদল ব্যক্তি তাদের পথরোধ করে হামলা চালায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায়। পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা এসে তাকে সেখান থেকে সরিয়ে নেন।

এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, অভিযোগের বিষয়টি তারা শুনেছেন এবং খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।