জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণকালে আটক ৩

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর ‘কাপ-পিরিচ’ প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের অভিযোগে তিন কর্মীকে আটক করেছে এলাকাবাসী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরগোলাবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- মেলান্দহ উপজেলার সবিলাপুর গ্রামের জালাল উদ্দিন আকন্দের ছেলে জাহাঙ্গীর আলম (৬৫), চরসগুনা গ্রামের আব্দুস আজিজের ছেলে মো. জহুরুল ইসলাম (৫৮) এবং একই এলাকার মৃত হারুনুর রশীদের ছেলে মেহেদী হাসান (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি মাইক্রোবাসে তিন ব্যক্তি মাদারগঞ্জ উপজেলার কয়ড়া ও গোলাবাড়ী এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের মাঝে নগদ অর্থ বিতরণ করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা চরগোলাবাড়ী এলাকা থেকে তিনজনকে আটক করেন। পরে আটক ব্যক্তিদের কয়ড়া বাজারে নিয়ে গিয়ে পুলিশ ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাচনি আচরণবিধি ২০২৬-এর ৪ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মো. সাদিকুর রহমান সিদ্দীকী শুভ বলেন, ফেসবুকে আমার সমর্থকদের নামে যে ঘটনাটি দেখছেন এটি একটি পরিকল্পিত ঘটনা। যে ছেলেটি ঘটনাটি লাইভ করেছে এর আগেও সে আমাকে মৃত্যুর হুমকি দিয়েছিল এবং থানায় জিডি করা আছে। আমার প্রচার এবং এজেন্ট নিয়োগে বাধাগ্রস্ত করা ও ভীতির সঞ্চার করে নির্বাচনে জনগণের অংশগ্রহণকে অনিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। আশা করি, জনগণ তাদেরকে সমুচিত জবাব দেবেন।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন আটক তিনজনকে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন।