ভোটের পোস্টার না ছাপাতে প্রিন্টিং প্রেসকে ইসির নির্দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই পরিপ্রেক্ষিতে প্রিন্টিং প্রেসগুলোকে পোস্টার মুদ্রণ না করার জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সকল রিটার্নিং কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রচারণা কার্যক্রম চলমান। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি-৭(ক) অনুযায়ী, নির্বাচনি প্রচারে কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না।
ইসি চিঠিতে উল্লেখ করেছে, দেশের সকল প্রিন্টিং প্রেসকে নির্বাচনি পোস্টার মুদ্রণ না করার নির্দেশ দেওয়া হচ্ছে। এছাড়া সকল জেলা প্রশাসক, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদেরকেও চিঠি দিয়ে এ নির্দেশনা দিয়েছে ইসি।