পটুয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী সহিদুল আলমকে শোকজ

পটুয়াখালী-২ (বাউফল) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির মনোনীত প্রার্থী মো. সহিদুল আলম তালুকদারকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সিভিল জজ পটুয়াখালী ও নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. খালিদ হাসানের স্বাক্ষরিত শোকজ নোটিশ জারি করা হয়। কিন্তু বিষয়টি সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে স্থানীয়ভাবে জানাজানি হয়।
নোটিশে বলা হয়েছে, গত ২০ জানুয়ারি বাউফল এলাকায় অনুষ্ঠিত একটি দোয়া ও মিলাদ মাহফিলে সহিদুল আলম তালুকদার প্রকাশ্যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ড. মো. শফিকুল ইসলাম মাসুদকে নিয়ে বক্তব্য দেন। ওই বক্তব্যকে উসকানিমূলক উল্লেখ করে বলা হয়, এতে নির্বাচনি পরিবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এ ছাড়াও ২৫ জানুয়ারি আদাবাড়িয়া ইউনিয়নের ১৩ নম্বর ওয়ার্ডের হাজীর হাটবাজারে আয়োজিত একটি উঠান বৈঠকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে তিনি আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ৩০ জানুয়ারি বাউফল উপজেলার হোসনাবাদ এলাকার ১ নম্বর ওয়ার্ডে সহিদুল আলম তালুকদারের নেতাকর্মীরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর একটি নির্বাচনি সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। একই সময় এলাকায় মোটরসাইকেল মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এমনকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে অবস্থান নিলে হত্যা ও বসতবাড়িতে অগ্নিসংযোগের হুমকির অভিযোগও ওঠে।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, এসব ঘটনা প্রাথমিকভাবে নির্বাচনি আচরণবিধির গুরুতর লঙ্ঘনের ইঙ্গিত বহন করে। এ অবস্থায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বিএনপি প্রার্থী মো. সহিদুল আলম তালুকদারকে আগামী ৩ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় পটুয়াখালীর মির্জাগঞ্জে অবস্থিত সিভিল জজ আদালতে সশরীরে অথবা আইনগত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বিষয়টি নির্বাচন কমিশনে প্রতিবেদন আকারে পাঠানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এদিকে, নোটিশটি দ্রুত কার্যকর করতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী মো. সহিদুল আলম তালুকদারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।