সুষ্ঠু ভোট হলে ক্ষমতায় আসবে বিএনপি: শামা ওবায়েদ

দেশে সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতায় এসে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শামা ওবায়েদ বলেন, দেশে যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় এবং কোনো কারচুপি না থাকে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করবে। সে ক্ষেত্রে দলের চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী— এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
তিনি বলেন, ফরিদপুরে অনুষ্ঠিত জনসভায় তারেক রহমান বৃহত্তর ফরিদপুরের উন্নয়ন নিয়ে স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। তিনি ফরিদপুর বিভাগ গঠন এবং পদ্মা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। এসব বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।
বিএনপির এ প্রার্থী বলেন, যুবসমাজকে সামনে রেখে নতুনভাবে ভাবতে হবে। সালথাকে একটি উন্নত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে এবং খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ ও সুযোগ সৃষ্টি করতে হবে। বিএনপি সরকার গঠন করতে পারলে এবং নির্বাচনে জয়ী হলে এসব উন্নয়ন বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, আধুনিক মাদ্রাসা ও মসজিদ নির্মাণের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ছাত্র ও যুবসমাজের জন্য ক্রীড়া সেন্টার স্থাপন করা হবে।
শামা ওবায়েদ আরও জানান, তার বাবা প্রয়াত কেএম ওবায়দুর রহমান সততার সঙ্গে মানুষের জন্য কাজ করে গেছেন। সেই আদর্শ অনুসরণ করেই তিনি সালথা ও নগরকান্দাকে দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান। এই এলাকায় চাঁদাবাজি, দালালচক্র ও টেন্ডারবাজির কোনো স্থান থাকবে না বলেও তিনি দৃঢ় অঙ্গীকার করেন।
উঠান বৈঠকে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, মনিরুজ্জামান মোল্যা, মজিবর সরদার, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।