কুষ্টিয়ায় ব্যালট পেপার জমা না দিয়ে কেন্দ্র ত্যাগের চেষ্টা

কুষ্টিয়া-২ আসন মিরপুর উপজেলার একটি কেন্দ্রে ভোট দিয়ে ব্যালট পেপার জমা না দিয়ে সঙ্গে নিয়ে কেন্দ্র থেকে চলে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ওই যুবক মিরপুর উপজেলার নওদা গোবিন্দপুর এলাকার আব্দুল মালিথার ছেলে শাহিন মালিথা (২৮)।
এ ব্যাপারে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, সকালের দিকে তালবাড়িয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপার নিয়ে বাক্সে না ফেলে সাদা কাগজ ফেলে চলে যাচ্ছিল ওই যুবক। ওই ব্যক্তি দোষ স্বীকার করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
মিরপুর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, একজন ব্যক্তি ভোট দেওয়ার পর ব্যালট পেপার বাক্সে না ফেলে নিয়ে চলে যাচ্ছিল। ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার বাধা দেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যক্তিকে ৩ বছরের কারদণ্ড ও জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।