৫৬ বছরের প্রথা ভেঙে ভোট দিলেন এই ইউনিয়নের নারীরা

দীর্ঘ ৫৬ বছরের অলিখিত নিষেধাজ্ঞা ও সামাজিক প্রথা ভেঙে অবশেষে ভোটাধিকার প্রয়োগ করলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটাররা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেখা গেল এক ঐতিহাসিক দৃশ্য।
১৯৭০ সাল থেকে জৈনপুরের পীরের নির্দেশনা মেনে এই ইউনিয়নের নারীরা ভোটদান থেকে বিরত থাকতেন। তবে এবার জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে সেই অচলায়তনের অবসান ঘটেছে।
নারী ভোটারদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ৮টি ভোটকেন্দ্রে স্থাপন করা হয় মোট ২০টি বিশেষ বুথ। এসব বুথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা থেকে শুরু করে পোলিং এজেন্ট—সব পর্যায়েই দায়িত্ব পালন করেন নারী কর্মকর্তারা। ফলে দীর্ঘদিনের জড়তা কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে ভোটকেন্দ্রে উপস্থিত হন নারীরা।
দক্ষিণ চর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা ৯০ বছর বয়সী মহিফুলের নেছা আবেগঘন কণ্ঠে বলেন, ‘এই প্রথম জীবনে ভোট দিলাম। আগে কখনও আসিনি। এবার পরিবেশ ভালো দেখে আসলাম।’ তার মতো আরও অনেক নারী প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এ কে এম লোকমান হাকিম এশিয়া পোস্টকে বলেন, নারীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। তবে দীর্ঘদিনের অনভ্যাসের কারণে ভোটদানের পদ্ধতি বুঝতে কিছুটা সময় লাগছে, ফলে প্রক্রিয়া কিছুটা ধীরগতির।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সেটু কুমার বড়ুয়া এশি বলেন, দুপুর ১২টা পর্যন্ত এ আসনে প্রায় ৩৬ শতাংশ ভোট পড়েছে। পাশাপাশি ভোট প্রদানে নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।