logo

দেশ গড়ার কাজে গণমাধ্যমকে পাশে চাই: জামায়াত আমির

দেশ গড়ার কাজে গণমাধ্যমকে পাশে চাই: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ গড়ার কাজে গণমাধ্যমকে আমাদের পাশে চাই। এই দেশটা গড়তে হবে সকলে মিলে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ‎মিরপুরে মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা) ভোট দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

জামায়াত আমির বলেন, গণমাধ্যম একই নিউজ ভিন্নভাবে পরিবেশন করে। কেউ যদি অপরাধ করে থাকে, সেটা আমি হলেও অপরাধের বিপক্ষে। কিন্তু অপরাধ নয়, সেটাকে আবার জোর করে অপরাধ বানানো সেটা আরেকটা বড় অপরাধ।

তিনি বলেন, গত তিনটা ভোটের পর আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের শুরু হোক দোয়া করি। 

ডা. শফিকুর রহমান বলেন, দেশের যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারেনি, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ, সুষ্ঠ, সংঘাতমুক্ত এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক সেটা আমরা দোয়া করি। 

তিনি বলেন, এই ভোটের মাধ্যমে এমন সরকার গঠন হোক যেখানে কোনো ব্যক্তি, পরিবার, দলের নয়—হবে ১৮ কোটি মানুষের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশা করি।

জামায়াত আমির বলেন, মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক সেটা আমরা কখনই চাই না। ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে সেটা আমরাও মানব আপনাদেরও মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।