এনসিপির বুথে হামলার অভিযোগে জরুরি সংবাদ সম্মেলন ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের বরুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এনসিপির বুথে হামলার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন গণমাধ্যমকে বিষয়টি জানান।
তিনি অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা মোবারক হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ১১ দলীয় জোটের শাপলা কলির নির্বাচনি বুথে হামলা চালিয়েছে। হামলাকারীরা বুথে অবস্থানরত নেতাকর্মীদের ওপর আক্রমণ করে। তাদের মোবাইল ফোন ছিনতাই করে নেয়। পরে বুথে থাকা সবাইকে জোরপূর্বক সেখান থেকে বের করে দেওয়া হয়।
এ ঘটনার প্রতিবাদ ও পরবর্তী করণীয় জানাতে ঢাকা-১৮ আসনের ১১ দলীয় জোট এক জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করেছে। সংবাদ সম্মেলনটি দুপুর ২টায় উত্তরা হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।