পোস্টার ব্যবহার না করাসহ আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করাসহ আচরণবিধি প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৮ জানুয়ারি) ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক পোস্টার ব্যবহার না করাসহ রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার প্রতিপালন এবং নির্বাচনি পোস্টার মুদ্রণ না করার জন্য প্রিন্টিং প্রেসকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য প্রশাসনিক ব্যবস্থা নিতে বলছে ইসি।
ইসির আচরণবিধি অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রচারে কোনো ধরনের পোস্টার লাগানো নিষিদ্ধ। লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন ও ব্যানার তৈরিতে রেক্সিন, পলিথিন, প্লাস্টিক বা অন্য কোনো পরিবেশের জন্য ক্ষতিকর ও পচনশীল নয়, এমন উপাদান ব্যবহার করা যাবে না। প্রচার সামগ্রীতে শুধু প্রার্থীর নিজস্ব ছবি ও নির্বাচনি প্রতীক থাকতে পারবে।
নির্বাচনি প্রচারের জন্য ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়া ছাড়া সব ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন সাদাকালো রঙে ছাপাতে হবে। ব্যানারের আকার ১০ ফুট বাই ৪ ফুটের বেশি হতে পারবে না। লিফলেট বা হ্যান্ডবিল অবশ্যই এ৪ সাইজের মধ্যে হতে হবে। এছাড়া ফেস্টুন ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চির বেশি বড় হতে পারবে না।