logo

চাঁদপুরের ৪টিতে জয়ী বিএনপি, একটিতে স্বতন্ত্র

চাঁদপুরের ৪টিতে জয়ী বিএনপি, একটিতে স্বতন্ত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে ৪টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীরা। শুধু চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী এমএ হান্নান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঁচটি আসনের ৭১১ (পোস্টাল ব্যালটসহ) ভোটকেন্দ্রের ফলাফলে এসব তথ্য জানা গেছে।

চাঁদপুর-১ (কচুয়া) এই আসনে ১১০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, ধানের শীষের প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) এই আসনে ১৫৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়াগেছে। প্রাপ্ত তথ্যে জানা গেছ, এই আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মো. জালাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৫০৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় (এলডিপি) ছাতা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেন পেয়েছেন ৫৭ হাজার ৪৭৩ ভোট।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) এই আসনে ১৬৬ কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলে দেখা যায়, ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৪০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিয়া পেয়েছেন ১ লাখ ৮৬৫ ভোট।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) এই আসনে ১১৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওযাগেছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি মাছ) এমএ হান্নান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৪ হাাজার ১৭৫ ভোট। প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. হারুনুর রশিদ পেয়েছেন ৬৯ হাজার ১৫৫ ভোট। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) এই আসনের ১৫৮টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৮০ হাজার ৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী মো. মমিনুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এলডিবির ছাতা প্রতীকের প্রার্থী মো. নেয়ামুল বশির পেয়েছেন ৭১ হাজার ৮৫০ ভোট।