সুনামগঞ্জে প্রথম আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ১০ শতাংশ

ভোটগ্রহণ শুরু হওয়ার পর প্রথম আড়াই ঘণ্টায় অর্থাৎ সকাল ১০টা পর্যন্ত সুনামগঞ্জ জেলার ৫টি আসনে ১০ শতাংশের কিছু ওপরে ভোট পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান। সুনামগঞ্জের ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই নারী ভোটারদের বেশ ভিড় লক্ষ করা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ভোটার উপস্থিতিও ক্রমশ বাড়ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সুনামগঞ্জের ৫টি আসনের ৭২০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, '৫ আগস্টের পটপরিবর্তনের পর আমরা এই ধরনের একটি নির্বাচন উপহার দিতে চেষ্টা করেছি। প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেক বেশি। ভোটাররা যদি ভোটপ্রয়োগে সন্তুষ্টি প্রকাশ করেন তাহলে আমরা খুশি, আর যদি অসন্তুষ্ট থাকেন, আমরা ব্যর্থ।'
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ জন প্রার্থী। জেলায় মোট ভোটার ২০ লাখ ৮০ হাজার ৩৩৫ জন। নির্বাচনে দেশ এবং দেশের বাইরে ১৮ হাজার ৮৭ জন পোস্টাল ভোট প্রদান করেছেন।