logo

‘হ্যাঁ’-তে সিল দিতে বললেন তারেক রহমান

‘হ্যাঁ’-তে সিল দিতে বললেন তারেক রহমান

আসন্ন গণভোটে দল-মত নির্বিশেষে সবাইকে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরে বিএনপির নির্বাচনি সমাবেশে এ আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, যে অধিকার ফেরানোর জন্য আবু সাঈদ, ওয়াসিমসহ হাজারো মানুষ নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের সেই আত্মত্যাগকে মূল্যায়ন করতে হলে জুলাই সনদকে আমাদের সম্মান করতে হবে।

তিনি বলেন, আপনাদের সবাইকে অনুরোধ ১২ ফেব্রুয়ারি ধানের শীষে যেমন সিলটা দেবেন, একইসঙ্গে গণভোটে ‘হ্যাঁ’- এর পক্ষে দয়া করে আপনারা রায় দেবেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, ৫ আগস্টের বিপ্লবে সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল, সেই ঐক্য ধরে রাখতে হবে। নিশিরাত বা ডামি নির্বাচনের দিন শেষ। জনগণকে অধিকার প্রয়োগে সজাগ থাকতে হবে।

রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, রংপুরকে অনেকে গরিব অঞ্চল বললেও এটি আসলে অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। আমাদের লক্ষ্য রংপুরকে ঢেলে সাজানো। 

তারেক রহমান বলেন, রংপুরে কৃষিজাত পণ্যের শিল্পকারখানা গড়ে তোলার পাশাপাশি ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে। এ ছাড়া স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট মেয়াদে কর ছাড় দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ, কৃষি কার্ড, এক ফসলের বীজ ও কীটনাশক বিনামূল্যে দেওয়া এবং ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করা হবে।

জনসভা শেষে রংপুর বিভাগের বিভিন্ন আসনে বিএনপি ও বিএনপি সমর্থিত শরিক দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। 

এ সময় সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এসব প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি।