logo

ভোটকেন্দ্রে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পোলিং অফিসার

ভোটকেন্দ্রে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পোলিং অফিসার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে এক পোলিং অফিসার মারা গেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মো. মুজাহিদুল ইসলাম (৪৮) সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের মৃত গোলাম মওলার ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে সরাইল উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন মুজাহিদুল ইসলাম। ভোটগ্রহণ চলাকালে একপর্যায়ে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে উপজেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দায়িত্ব পালনরত অবস্থায় তার এ মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

এ বিষয়ে সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি স্ট্রোকজনিত মৃত্যু বলে মনে হচ্ছে।