logo

পরাজিত হলেও এলাকার উন্নয়নে বিজয়ীর সঙ্গে কাজ করব: হাবিব

পরাজিত হলেও এলাকার উন্নয়নে বিজয়ীর সঙ্গে কাজ করব: হাবিব

ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, নির্বাচনে জয়-পরাজয় যাই হোক না কেন, এলাকার উন্নয়নের স্বার্থে বিজয়ী প্রার্থীর সঙ্গে কাজ করব।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাসাবোতে তার প্রধান নির্বাচনি কার্যালয়ে এশিয়া পোস্টের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তার নির্বাচনি এলাকায় ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ কারও বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেননি।

হাবিবুর রশিদ হাবিব বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে আমাদের ঢাকা-৯ আসনে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ কারও বিরুদ্ধে অভিযোগ তোলেননি। সবাই এই এলাকার উন্নয়ন চায়।

তিনি আরও বলেন, যদি আমি বিজয়ী না-ও হই, তবুও যে প্রার্থী বিজয়ী হবেন তার কাছে গিয়ে এলাকার উন্নয়নের কথা বলব।

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমি এই এলাকায় ৩৮ বছর ধরে রাজনীতি করছি। এলাকার ভোটাররা আমার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন সম্পর্কে অবগত। তারা যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে অবশ্যই ভোট দেবেন।

অপর এক প্রশ্নের জবাবে হাবিব বলেন, আওয়ামী লীগের সাধারণ ভোটারদের মধ্যে যারা বিগত ফ্যাসিবাদী আমলে কোনো অপকর্মে জড়িত ছিলেন না, তারাও ভোটকেন্দ্রে আসছেন এবং নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

তিনি আশা করেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের রায়ই চূড়ান্তভাবে প্রতিফলিত হবে।