প্রার্থীদের প্রচারণা শেষ, অপেক্ষা ভোটের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। গত ২২ জানুয়ারি শুরু হওয়া এ প্রচারণা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা শেষ করার বিধানও রয়েছে।
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচার বন্ধ হয়ে যাবে।
শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ইসি এই আসনের নির্বাচন বাতিল করেছে। এ কারণে ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন।
এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। নির্বাচনে মোট প্রার্থী প্রায় ২ হাজার। সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে।
এবার নির্বাচনি দায়িত্ব পালন করবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা। আর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য নিয়োজিত থাকবেন।