logo

খোলা চিঠিতে ভোট বর্জনের সিদ্ধান্ত জানালেন জাপা প্রার্থী জিন্নাহ

খোলা চিঠিতে ভোট বর্জনের সিদ্ধান্ত জানালেন জাপা প্রার্থী জিন্নাহ

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ তুলে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে শিবগঞ্জবাসীর উদ্দেশে দেওয়া এক খোলা চিঠিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

শরিফুল ইসলাম জিন্নাহ অভিযোগ করেন, তার নির্বাচনি এলাকায় অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ন্যূনতম পরিবেশ অনুপস্থিত। তার দাবি, তিনি ও তার সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অনেক নেতাকর্মীকে এলাকাছাড়া করা হয়েছে এবং সাধারণ ভোটারদের ভয়ভীতি ও হুমকির মুখে রাখা হচ্ছে। এর ফলে শিবগঞ্জজুড়ে আতঙ্ক বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

খোলা চিঠিতে লাঙলের এই প্রার্থী বলেন, রাজনীতি হওয়া উচিত উন্নয়ন ও জনকল্যাণের প্রতিযোগিতা, প্রতিহিংসার হাতিয়ার নয়। কিন্তু বর্তমান বাস্তবতায় নির্বাচন জনগণের অধিকার নিশ্চিত করছে না, বরং ভয় ও জবরদস্তিকে বৈধতা দিচ্ছে। শিবগঞ্জবাসীর সম্মান, নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্নে আপস করতে না পেরে তিনি ভোট বর্জনের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান।

তিনি আরও জানান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি শিবগঞ্জের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। কোনো অন্যায়ের কাছে মাথানত না করে ন্যায় ও ন্যায্যতার পক্ষে অবস্থান নিতেই এই বর্জন তার রাজনৈতিক প্রতিবাদ।

চিঠির শেষাংশে তিনি সাধারণ ভোটারদের শান্তি, সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন বর্জন মানে রাজনীতি থেকে সরে যাওয়া নয়, বরং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখা।

এ বিষয়ে বক্তব্য জানতে শরিফুল ইসলাম জিন্নাহর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, বগুড়া-২ আসনের (শিবগঞ্জ উপজেলার) জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম জিন্নাহ আওয়ামী লীগের জোট হিসেবে ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন। এর পরে ২০১৮ সালের জাতীয় নির্বাচনেও তিনি জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হন।