logo

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা না থাকায় ব্যারিস্টার আরমানের উদ্বেগ

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা না থাকায় ব্যারিস্টার আরমানের উদ্বেগ

রাজধানীর কয়েকটি পরিদর্শিত ভোটকেন্দ্রে পোলিং এজেন্টের উপস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম (আরমান)। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা না থাকার বিষয়টি তিনি বড় উদ্বেগ হিসেবে উল্লেখ করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মীর আহমেদ বিন কাশেম আরমান বলেন, ন্যাশনাল বাংলা কলেজ ও মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন। বিশেষ করে নারী ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়েছে। প্রিসাইডিং কর্মকর্তারাও সকালের এই উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে চলছে বলেও তিনি জানান।

তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার অনুপস্থিতিকে তিনি সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে তুলে ধরেন। তার দাবি, নির্বাচন কমিশনের ঘোষণায় সব কেন্দ্রে ক্যামেরা স্থাপনের কথা থাকলেও স্থানীয় প্রভাবশালীদের বাধার কারণে কিছু স্থানে সিটি করপোরেশনের কর্মীরা ক্যামেরা না বসিয়েই ফিরে গেছেন। পাশাপাশি কিছু এলাকায় পর্যবেক্ষক ও সমর্থকদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

এসব ঘটনাকে তিনি বিচ্ছিন্ন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সামগ্রিক পরিবেশ এখনো উৎসবমুখর ও শান্তিপূর্ণ।

নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার প্রসঙ্গে আরমান বলেন, নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে তা ফলাফলের চেয়ে প্রক্রিয়ার ওপর নির্ভর করে। সিসি ক্যামেরার কাভারেজ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উপস্থিতি, ভোটারদের হয়রানি না হওয়া এবং ভোট গণনায় হস্তক্ষেপ না থাকলে যে কোনো ফলাফলই গ্রহণযোগ্য হবে। 

তার মতে, রাজনৈতিকভাবে সচেতন জনগণ বিশেষ করে তরুণ ভোটাররা বিভ্রান্তিতে না পড়ে সচেতন সিদ্ধান্ত নেবেন।

বড় ধরনের অনিয়ম হলে তা ছাড় দেওয়া হবে না—জামায়াত আমিরের এমন বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন আরমান।