logo

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের ফলাফলের খবর

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের ফলাফলের খবর

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। অনানুষ্ঠানিক ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিজয় ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। নির্বাচনের ফল ঘিরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে লাইভ আপডেট ও বিশ্লেষণে উঠে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিজয়ের চিত্র। নির্বাচন কমিশন কর্তৃক সম্পূর্ণ ফল প্রকাশ না হলেও বিএনপির সম্ভাব্য সরকার গঠনের খবর উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের লাইভ কভারেজে জানায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দল সংখ্যাগরিষ্ঠতার দাবি করেছে এবং প্রাথমিক ফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। আলজাজিরার প্রতিবেদক জনাহ হাল ঢাকায় অবস্থান করে বলেন, অনানুষ্ঠানিক ফলাফলে বিএনপির শক্তিশালী জয় স্পষ্ট হলেও পূর্ণ ভোটের হিসাব প্রকাশ না হওয়া পর্যন্ত চূড়ান্ত চিত্র বোঝা যাবে না। একই প্রতিবেদনে রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনির উদ্ধৃতি দিয়ে বলা হয়, বিএনপির সামনে এখন সুশাসন ও তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণের বড় পরীক্ষা অপেক্ষা করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের লাইভ আপডেটে জানায়, ভোটগণনায় এখন পর্যন্ত পাওয়া ফলাফলে বিএনপি সরকার গঠনের পথে রয়েছে। বিবিসির দক্ষিণ এশিয়া প্রতিবেদক আজাদেহ মোশিরি ঢাকায় রিপোর্ট করে বলেন, এটি তারেক রহমানের জন্য ‘বিশাল ভাগ্য পরিবর্তন’, এবার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে স্বাভাবিকভাবেই তিনি এগিয়ে আছেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স তাদের লাইভ প্রতিবেদনে জানায়, বিএনপি জোট ৩০০ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়েছে, যা দলটির ইতিহাসে অন্যতম বড় বিজয়। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের পর এই নির্বাচন রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে সাংবিধানিক সংস্কার সংক্রান্ত গণভোটেও ‘হ্যাঁ’ ভোটের প্রবণতা থাকার ইঙ্গিত দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভোটের প্রাথমিক গণনায় বিএনপি সংখ্যাগরিষ্ঠতার পথে এবং দলটি সরকার গঠনের ঘোষণা দিয়েছে। তাদের প্রতিবেদনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের বেশি হতে পারে বলে উল্লেখ করা হয় এবং আঞ্চলিক রাজনীতিতে এই ফলাফলের প্রভাব নিয়ে আলোচনা উঠে আসে।

চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এক সংক্ষিপ্ত প্রতিবেদনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে জানায়, তিনি ‘ঐতিহাসিক বিজয়ের’ পথে থাকার দাবি করেছেন এবং দলের পক্ষ থেকে জনগণকে শুভেচ্ছা জানানো হয়েছে।

দেশীয় সম্প্রচারমাধ্যমগুলোতেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। বিএনপি জোটের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার বেসরকারি ফলের কথা বলা হলেও নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগ পর্যন্ত এগুলোকে অপ্রাতিষ্ঠানিক হিসেবেই বিবেচনা করা হচ্ছে।