logo

নড়াইল ২ আসনে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে নারীসহ আহত ১৬

নড়াইল ২ আসনে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে নারীসহ আহত ১৬

নড়াইল ২ আসনে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ধানের শীষের প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম (কলস প্রতীক) সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার তুলারামপুর গাবতলা বাজার এলাকায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধানের শীষের পক্ষের আহতরা হলেন ফয়েজুর রহমান, রুমান, সাইফুল হোসেন, রাব্বি, ইসমাইল ও হাবিব। তাদের মধ্যে রাব্বির অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে পাঠানো হয়েছে।

কলস প্রতীকের পক্ষের আহতরা হলেন নাজমুল, সেলিম, হাবিবুর, হাসান, সাইফুল, আমেনা, আমিরুল, সিফাত ও আরিফ হোসেন। তারা সবাই নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৭টার দিকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কথাকাটাকাটির পর সংঘর্ষের ঘটনা ঘটে। ধারালো অস্ত্র ও মারধরের কারণে নারীসহ ১৬ জন আহত হয়েছেন।

নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।