logo

মৌলভীবাজারে ৫৫৪ ভোটকেন্দ্রের ২২৩টি ঝুঁকিপূর্ণ

মৌলভীবাজারে ৫৫৪ ভোটকেন্দ্রের ২২৩টি ঝুঁকিপূর্ণ

মৌলভীবাজার জেলার ৪ আসনের ৫৫৪ ভোটকেন্দ্রের মধ্যে ২২৩টি ঝুঁকিপূর্ণ। বাড়তি নজরদারিতে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এসব কেন্দ্রে দায়িত্বরতদের কাছে থাকবে বডি অন ক্যামেরা। এসব কেন্দ্রে দুজন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অতিরিক্ত মোতায়েন থাকবে।

জেলার ৪ আসনের ৭ থানা সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে তিন স্তরে ভাগ করা হয়েছে। গুরুত্বপূর্ণ, মাঝারি গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র। 

মৌলভীবাজার-১ আসনের জুড়ী উপজেলায় ৪৪ ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে ২১টি অধিক গুরুত্বপূর্ণ। এ আসনের বড়লেখা উপজেলার ৬৯ ভোটকেন্দ্রের মধ্যে ২০ কেন্দ্র গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ রয়েছে। এ ছাড়া মাঝারি গুরুত্বপূর্ণ ৩৮টি রয়েছে।

মৌলভীবাজার-২ আসনে ১০৩ ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ৪৯ কেন্দ্র রয়েছে। 

মৌলভীবাজার-৩ আসনের রাজনগর উপজেলায় ৬৬ ভোটকেন্দ্রের মধ্যে ২৪টি গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ রয়েছে। এ আসনের মৌলভীবাজার সদর উপজেলার ১০৯ ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ১৯ কেন্দ্র রয়েছে। 

মৌলভীবাজার-৪ আসনের কমলগঞ্জ উপজেলায় ৭৬ ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ২৯ কেন্দ্র রয়েছে। এ আসনের শ্রীমঙ্গল উপজেলায় ৮৭ কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ২৩ কেন্দ্র রয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ‘ভোটের দিন সারাজেলায় ১ হাজার ৬৪১ পুলিশ সদস্য মাঠে থাকবেন। এছাড়া আরও অনেক রিজার্ভ পুলিশ সদস্য থাকবেন। প্রতিটি কেন্দ্রে ১৫ আনসার সদস্য ও দুজন করে পুলিশ সদস্য থাকবেন।’