logo

ভোট গণনার সময় সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে বাধা

ভোট গণনার সময় সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে বাধা

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গণনার সময় সাংবাদিকদের সেখানে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে এমন অভিযোগ করেন সাংবাদিকরা। ভোট গণনার মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সময়ে গণমাধ্যমকর্মীদের এভাবে বাধা দেওয়া গণতান্ত্রিক স্বচ্ছতার পরিপন্থি বলে অভিযোগ করেন তারা।  

শেষ মূহূর্ত পর্যন্ত ভোটগ্রহণ শেষে বুড়িপোতা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার ছবি ও ভিডিও সংগ্রহ করতে যান সাংবাদিকরা। এ সময়  দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে বাধা দেন বলে অভিযোগ ওঠে। জানা গেছে, কেন্দ্রের প্রধান ফটকে দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যরা সাংবাদিকদের জানান, প্রিসাইডিং অফিসারের অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ করা যাবে না। পরে সাংবাদিকরা ভোট গণনার ছবি তোলার উদ্দেশে অনুমতি চাইলে একজন পুলিশ সদস্য বিষয়টি প্রিসাইডিং অফিসারকে জানান। 

এ সময় প্রিসাইডিং অফিসার নাসির উদ্দিন জানান, ভেতরে কোনো সাংবাদিক প্রবেশ করতে পারবেন না। পরে ওই পুলিশ সদস্য সাংবাদিকদের বলেন, প্রিসাইডিং অফিসারের অনুমতি না থাকায় ভেতরে প্রবেশ করানো সম্ভব নয়। 

এই কেন্দ্রে দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকদের মধ্যে ছিলেন এনপিবি নিউজের আবু আক্তার করন, যমুনা টেলিভিশনের রামিজ আহসান, দীপ্ত টিভির জাকির হোসেন, আমার সংবাদের সিরাজুদ্দোজা পাভেল, স্থানীয় অনলাইন বার্তা মেহেরপুরের সাজিবুল ইসলাম, এনটিভির ক্যামেরাম্যান নাসিম আহমেদসহ কয়েকজন কর্মী।