logo

সিরাজগঞ্জে টাকাসহ জামায়াত নেতা আটক, মুচলেকায় মুক্তি

সিরাজগঞ্জে টাকাসহ জামায়াত নেতা আটক, মুচলেকায় মুক্তি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ভোট কেনার অভিযোগে ৭১ হাজার টাকাসহ আবদুল মমিন নামের এক জামায়াতে ইসলামীর নেতাকে আটক করেন বিএনপি সমর্থিত নেতাকর্মী। পরে প্রশাসন তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল মমিন কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়ন জামায়াতের আমির।

স্থানীয় সূত্র জানায়, বিএনপি সমর্থিত নেতাকর্মীরা আবদুল মমিনকে আটক করে দাবি করেন, তিনি ভোট কেনার উদ্দেশ্যে টাকা নিয়ে যাচ্ছিলেন। এ সময় তার শরীর তল্লাশি করে ৭১ হাজার টাকা ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। ঘটনার সময় আশপাশের লোকজন সেখানে ভিড় করেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বিএনপি সমর্থিত কয়েকজন ব্যক্তি আবদুল মমিনকে ঘিরে ধরে তার কাছে থাকা টাকা উদ্ধার করছেন বলে দাবি করছেন।

খবর পেয়ে কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি আবদুল মমিনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশায় যাওয়ার সময় জামায়াতের সমর্থক আবদুল মমিনকে বিএনপির নেতাকর্মীরা আটক করেন। তারা দাবি করেন, ভোট কেনার জন্য সংগ্রহে থাকা ৭১ হাজার টাকা তারা উদ্ধার করেছেন। উদ্ধার হওয়া ব্যাগে জামায়াতে ইসলামীর নামসংবলিত টি-শার্ট ও বেশ কিছু ব্যাজ ছিল।’

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দাবি করেছেন, তাদের কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। ওই টাকা তারা পোলিং এজেন্টদের খরচ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। টি-শার্ট ও ব্যাজ তাদের স্বেচ্ছাসেবকরা ব্যবহার করবে বলে জানানো হয়েছে। এছাড়া তাদের কাছে কয়েকটি পোলিং এজেন্টের ফরমও পাওয়া গেছে।

ম্যাজিস্ট্রেট জানান, টাকার পরিমাণে গরমিল এবং উভয়পক্ষের বক্তব্যে অসংগতি থাকায় বিষয়টি তদন্তের জন্য জুডিশিয়াল কমিটিতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।