ময়মনসিংহ ৮ আসনে মাজেদ বাবুর বড় জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু সাবেক দুই এমপি ও জামায়াত জোটের প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন।
বেসরকারি ফলাফলে জানা গেছে, মাজেদ বাবু ১ লাখ ৭ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আওরঙ্গজেব বেলাল (ছাতা প্রতীকে) পেয়েছেন ৪৫ হাজার ৭৯১ ভোট। আরেক প্রার্থী সাবেক এমপি শাহ্ নুরুল কবির শাহিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হিসেবে হাতপাখা প্রতীকে ৩২ হাজার ৭৩৪ ভোট পেয়েছেন।
এছাড়া জাপা প্রেসিডিয়াম সদস্য ও তিন বারের সাবেক এমপি ফখরুল ইমাম লাঙ্গল লাঙ্গল প্রতীকে মাত্র ১ হাজার ৭১৯ ভোট পেয়েছেন।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ৮৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৪৩৭, নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৪৩৬ এবং হিজড়া ভোটার ৬ জন। মোট ৯২টি কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটের বিপরীতে ১ লাখ ৯২ হাজার ৬৩২ ভোট পড়েছে, যার মধ্যে ৪ হাজার ৮১১ ভোট বাতিল হয়েছে। ভোটের হার ছিল ৫৫.৭১ শতাংশ।
নবনির্বাচিত সংসদ সদস্য মাজেদ বাবু বলেন, ‘ভোটাররা কথা দিয়ে কথা রেখেছেন। ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন। অবহেলিত এই উপজেলার উন্নয়নে যে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো বাস্তবায়নে কাজ শুরু করব। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা রহমান জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।